প্রিন্ট এর তারিখঃ Jun 5, 2026 ইং || প্রকাশের তারিখঃ Jun 5, 2026 ইং
ফুড ফর দ্য হাঙ্গরির উদ্যোগে ইস্ট ধামরাইয়ে বিশ্ব পরিবেশ দিবস উদযাপন

মি. সিমরান | স্টাফ রিপোর্টার
পরিবেশ রক্ষায় জনসচেতনতা বৃদ্ধি এবং প্লাস্টিক দূষণের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনগণকে অবহিত করতে বিশ্ব পরিবেশ দিবস ২০২৬ উপলক্ষে ইস্ট ধামরাই সিআরসি, কুল্লা ইউনিয়নে বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভার আয়োজন করেছে ফুড ফর দ্য হাঙ্গরি (এফএইচ)।
“প্লাস্টিক দূষণ মোকাবেলা” প্রতিপাদ্যকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচিতে এলাকার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। কর্মসূচির শুরুতে একটি বর্ণাঢ্য র্যালি কুল্লা ইউনিয়নের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করতে বিভিন্ন সচেতনতামূলক স্লোগান প্রদর্শন করেন। এর মধ্যে “গাছ লাগান, পরিবেশ বাঁচান” এবং “সবাই মিলে গড়বো দেশ, পরিচ্ছন্ন বাংলাদেশ” স্লোগান দুটি ছিল বিশেষভাবে উল্লেখযোগ্য।
র্যালি শেষে অনুষ্ঠিত আলোচনা সভায় বক্তব্য রাখেন ফুড ফর দ্য হাঙ্গরি (এফএইচ) ইস্ট ধামরাই সিআরসির ডিএফ ঝরনা সরকার। তিনি বলেন, পরিবেশকে বাসযোগ্য রাখতে হলে প্লাস্টিক দূষণ কমানোর পাশাপাশি বৃক্ষরোপণ ও পরিবেশবান্ধব জীবনযাপনের অভ্যাস গড়ে তুলতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুল্লা ইউনিয়নের ওয়ার্ড মহিলা মেম্বার মরিয়ম বেগম ও রোজিনা খানম। তারা পরিবেশ রক্ষায় নারীদের ভূমিকার ওপর গুরুত্বারোপ করে পরিবার ও সমাজে সচেতনতা বৃদ্ধির আহ্বান জানান।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, নারী নেতৃবৃন্দ এবং স্থানীয় বাসিন্দারা। প্রায় ২২৫ জন সাধারণ মানুষের অংশগ্রহণে অনুষ্ঠানটি প্রাণবন্ত হয়ে ওঠে।
বক্তারা বলেন, বর্তমান সময়ে প্লাস্টিক দূষণ পরিবেশের জন্য একটি বড় চ্যালেঞ্জ। এ সমস্যা মোকাবেলায় সরকারি উদ্যোগের পাশাপাশি জনগণের সক্রিয় অংশগ্রহণও অত্যন্ত জরুরি। পরিবেশ সংরক্ষণে সম্মিলিত প্রচেষ্টাই একটি সুস্থ ও সুন্দর ভবিষ্যৎ নিশ্চিত করতে পারে।
পরিশেষে উপস্থিত সকলকে পরিবেশ রক্ষায় নিজ নিজ অবস্থান থেকে কার্যকর ভূমিকা পালনের আহ্বান জানিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।
© দৈনিক চেতনার কন্ঠ